ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারিত ‘রগ কাটার’ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শিবিরের মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিগত কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে রগ কাটার অভিযোগ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি—ছাত্রশিবির কোথায় রগ কাটে।”
তিনি জানান, কোনোসময় বলা হয়—রাজশাহীতে রগ কাটা হয়; সেখানে গেলে শোনা যায়—চট্টগ্রামে হয়। আবার চট্টগ্রামে গেলে বলা হয়—ঢাকায় হয়। তার দাবি, অভিযোগ থাকলে রাষ্ট্র এতদিনে অন্তত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিত, কিন্তু কখনো এমন প্রমাণ উপস্থাপন করা যায়নি। বরং রাষ্ট্রযন্ত্রই বিভিন্ন সময়ে ছাত্রশিবিরের ওপর দমন-পীড়ন চালিয়েছে।
তিনি বলেন, “গুম কমিশনের রিপোর্টে বিএনপি প্রথম স্থানে, আর দ্বিতীয় স্থানে আমরা—৩১ শতাংশ। আমাদের ওপরই রাষ্ট্রঝাঁপিয়ে পড়েছিল। যদি রগ কাটার মতো অভিযোগ সত্য হতো, তাহলে প্রমাণ দেখাতেই পারত।” সাদ্দাম বলেন, এসব রাজনৈতিক প্রচার ও অপপ্রচার দিয়ে শিবিরকে দুর্বল করার চেষ্টা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো তথ্য-প্রমাণ না থাকায় সেই প্রচারণা টেকেনি।
জুলাই ছাত্র আন্দোলনের সময়কার অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন বলা হয়েছিল—জামায়াত-শিবির-বিএনপি আন্দোলন করছে। পরে বলা হলো জামায়াত-শিবির। শেষে বলা হলো—শিবিরই করছে। শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন তার কাছে ডিজিএফআইয়ের রিপোর্ট আছে। অথচ আজ পর্যন্ত এসব রিপোর্টও প্রকাশ হয়নি।”
তার মতে, “রগ কাটা বলা কাজ না করায় বিএনপি এখন ‘গুপ্ত’ বলা শুরু করেছিল। কিন্তু এখন সেটিও তারা ছেড়ে দিয়েছে। কারণ আজকের তরুণ প্রজন্ম আর পুরনো প্রোপাগান্ডায় বিশ্বাস করে না।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত। বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং ছাত্রলীগের হাতে নিপীড়নের শিকার সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমানও বক্তব্য দেন।