সংসদ নির্বাচনের একই দিনে গণভোট আয়োজন নিয়ে বিএনপির কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রামে ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অযথা তর্ক-বিতর্ক করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের ভোট, আর নির্বাচিত সরকারের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা উচিত।
তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে সঠিক পথ। ভোটকেন্দ্রিক গণতন্ত্রকে শক্তিশালী করতেই বিএনপি কাজ করছে।
দেশে এখন নিরপেক্ষ বিচারব্যবস্থা রয়েছে দাবি করে আমীর খসরু জানান, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বিচার বিভাগই দেখবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সেটি নিশ্চিত করতেই জনগণ দৃঢ় অবস্থানে আছে বলেও মন্তব্য করেন তিনি।