বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথায় নয়, কাজে বিশ্বাস করে— এমন মন্তব্য করেছেন দলের ভাইস-চেয়ারম্যান ডা. জাহিদ। তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন; দেশের জন্য জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছেন। পরে বেগম খালেদা জিয়া সারা দেশ ভ্রমণ করে সংগঠনকে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের মুহূর্ত এসে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণও নিশ্চিত করতে দল কাজ করছে।
বিএনপি সব সময় মানুষের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সংকট, দুর্দশা বা সুদিন— জনগণের প্রতি বিএনপি তার দায়িত্ব বজায় রাখবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন এবং ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।