বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকির মুখে ফেলেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা এবং একই প্রশ্নের মধ্যে চারটি পৃথক অংশ যুক্ত করা—গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর ফলে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও বিপদের মুখে পড়তে পারে বলে উল্লেখ করা হয়।
মামুনুল হক বলেন, দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ গভীরভাবে বুঝে মতামত দিতে পারবে না, ফলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে, তবে তা অভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ হবে।
মামুনুল হক জানান, শিগগিরই দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলের জোটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।