বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সন্ধ্যা ৭টার পর শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ ডাকা এই বৈঠকে দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত আছেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কেন বৈঠক?
যদিও কোন নির্দিষ্ট এজেন্ডা আগে থেকে জানানো হয়নি, দলীয় সূত্র বলছে—জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণই আজকের বৈঠকের কেন্দ্রবিন্দু।
দীর্ঘদিন ধরে বিএনপি দাবি করে আসছিল—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে হবে। আজ দুপুরে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরই বিএনপির শীর্ষপর্যায়ে দ্রুত আলোচনা প্রয়োজন হয়ে পড়ে।
বৈঠকে আলোচনার সম্ভাব্য বিষয়
দলীয় নেতারা মনে করছেন, আজকের বৈঠকে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলোই আলোচনার টেবিলে আসবে—
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় বিএনপির অবস্থান
গণভোটের প্রশ্ন ও ব্যালট কাঠামো নিয়ে দলের কৌশল
নির্বাচন প্রস্তুতি ও মাঠের রাজনৈতিক পরিস্থিতি
সরকার ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রভাব
সারাদেশে আটক-গ্রেপ্তার, লকডাউন পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা ইস্যু
বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ধারণা করছেন, বৈঠকের পর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজকের মধ্যেই গণমাধ্যমকে জানানো হতে পারে।