অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে তীব্র অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে এ মন্তব্য জানান তিনি।
সালাহউদ্দিন বলেন,
“প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”
তবে কীভাবে এই সনদ লঙ্ঘন হয়েছে—এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বিএনপি নেতা জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যার পর আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস ঘোষণা করেন যে, রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল ধরে নিয়ে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫” অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় অনুমোদন শেষে এটি দ্রুতই গেজেট নোটিফিকেশন করা হবে।
ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন,
গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন—দুইয়ের প্রক্রিয়াই জুলাই সনদের আলোকে নির্ধারিত হয়েছে।
তিনি স্পষ্ট করে ঘোষণা দেন,
জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে দুটি নির্বাচন আয়োজন করা হবে।
ড. ইউনূসের মতে, সংবিধান সংস্কারের লক্ষ্য এতে বাধাগ্রস্ত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর, সাশ্রয়ী ও অংশগ্রহণমূলক হবে। তিনি জানান, গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইন সময়মতো সংসদে আনা হবে।