বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেছেন, জুলাই গণহত্যার বিচার এখনো স্থির হয়নি, অথচ অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও সরকার টালবাহানা করছে। তিনি দাবি করেন, “আওয়ামী লীগ মানবিক নয়, তাদের আচরণে তা স্পষ্ট।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সভাপতি জাহিদুল ইসলাম বলেন,
“আপনাদের নেত্রী আপনাদের ফেলে পালিয়েছে। তার কথায় আপনারা ইঁদুর–বিড়ালের মতো দৌড়াচ্ছেন। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়—এরা সেই ধরনের নয়।”
তিনি আরও বলেন,
“আমরা হাসিনাকে একটি সতর্ক সংকেত দেখিয়েছি। ভবিষ্যতে যারা নির্যাতনের পথে যাবে, ছাত্র–জনতা তাদের জন্য ডাবল সতর্কতা প্রস্তুত রেখেছে।”
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন,
“হাসিনা ভারতে অবস্থান নিয়ে ভিডিও বার্তা পাঠিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগ নেতা–কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৩৫ হাজার ইতোমধ্যে জামিনে বের হয়ে এসেছে।”
তিনি বিএনপি নেতৃত্বের সাম্প্রতিক গণভোট–বিরোধী মন্তব্যের সমালোচনা করে বলেন,
“বিএনপি বলে গণভোটের চেয়ে পেয়াজ সংরক্ষণ বেশি দরকার। তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না। ক্ষমতায় যেতে শুধু নির্বাচন চাই—যা তাদের লুটপাটের মতোই একমুখী চিন্তা।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি তীব্র ব্যঙ্গ করে বলেন,
“এরা হয়তো কিছুদিন পর বলবে—ফেব্রুয়ারিতে নির্বাচনের দরকার নাই। বলবে আলুর দাম বেড়ে গেছে, এখন জাতীয় নির্বাচনের দরকার নাই!”