বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “গণভোট না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বুধবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, “একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে, তারা তাতে ঐকমত্য জানিয়েছে। তাহলে এখন গণভোটে ভয় কোথায়? জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন যখন, তখন গণভোটেও সম্মতি দিন। কেন ভয় পাচ্ছেন, আমরা সবই বুঝি—ডালমে কুচ কালা হ্যায়।”
তিনি আরও বলেন, “যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আজ ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না; আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম বলেই আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছিল।”
এই জামায়াত নেতা বলেন, “আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, আমরা কেমন কাজ করি। ক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে দেব, সব অনিয়ম, দুর্নীতি ও অনাচার দূর করব।”
তিনি আরও যোগ করেন, “শেখ হাসিনা তার অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে কোটি কোটি টাকা পাচার করে দেশ থেকে পালিয়েছে। কিন্তু যারা দেশের পক্ষে কাজ করে, তারা কখনও পালায় না।”
পথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এসএম কামাল উদ্দিন, ও ডা. ফখরুদ্দিন মানিক।