জুলাই বিপ্লবের স্বীকৃতি না দিলে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের যৌথ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট— জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন নেই। নির্বাচনে অংশ নিতে হলে আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই ভিত্তি ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।”
তিনি প্রশ্ন তোলেন, “গণভোটের ব্যাপারে সব দল একমত হয়েছে, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন সবাই স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর মাধ্যমেই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ।”
জামায়াত আমির বলেন, “আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবেন না। ‘উদর পিণ্ডি বুধোর ঘাড়ে’ ফেলবেন না।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে আমরা আট দলই মতামত দিয়েছি। আমাদের পক্ষ থেকে কোনো নোট অব ডিসেন্ট দেওয়া হয়নি। যৌক্তিক প্রস্তাবনায় আমরা ইতিবাচক ভূমিকা রেখেছি। এরপর সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হয়েছে। গণতন্ত্রের মূল কথা হলো— সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, কিছু দল তা মানতে রাজি নয়।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “জুলাই সনদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, তাহলে জাতীয় নির্বাচনে শ্রদ্ধা দেখাবেন কীভাবে? জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, বায়না বন্ধ করুন। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।”