বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ঠাকুরগাঁওয়ে দেওয়া তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু গণমাধ্যমে সেটি বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে যেন তিনি সারাদেশে সব মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল ওই বক্তব্য দেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, তিনি স্পষ্টভাবে বলেছেন— বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দায়ের করবে না। তবে তিনি নির্দিষ্ট ইউনিয়নে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে, তা প্রত্যাহার করা হবে। কিন্তু কিছু গণমাধ্যম সেটিকে দেশব্যাপী মামলা প্রত্যাহার সংক্রান্ত মন্তব্য হিসেবে প্রচার করেছে, যা বাস্তবতার সঙ্গে অসংগত।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি কখনোই বলিনি যে, আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে বা ভবিষ্যতে মামলা করা হবে না। বরং আমি বলেছি, বিএনপি প্রতিহিংসা নয়, সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চায়।”
তিনি গণমাধ্যমে প্রচারিত বিকৃত বক্তব্যে বিভ্রান্ত না হতে দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। ফখরুলের মতে, রাজনৈতিক বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করলে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হয়, যা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।