সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “সংবিধান মেনে চললে গণভোটের আয়োজন করতেই হবে, নইলে পরবর্তী জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে আট দলীয় সমাবেশে অংশ নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “কেউ কেউ দাবি করছেন সংবিধানে গণভোটের ধারা নেই—তাদের মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনার আমলে সংবিধান সংশোধন করে এই ধারা বাতিল করা হয়েছিল। এখন যারা গণভোটের বিরোধিতা করেন, তারা আসলে হাসিনারই ভাষায় কথা বলছেন।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “সংবিধানে পাঁচ বছর পরপর নির্বাচনের কথা বলা আছে। যদি ২০২৪ সালে নির্বাচন হয়, তাহলে ২০২৬ সালে নির্বাচন হবে—এ কথা কোথাও লেখা নেই। তাই বাস্তব সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে ২০২৯ সালে।”
জুলাই সনদের প্রাসঙ্গিকতা তুলে ধরে হামিদুর রহমান বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটই হবে নতুন বাংলাদেশের সূচনা। এটি সংস্কারের অংশ হিসেবে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আপনারা যদি আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান, বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
আযাদ অভিযোগ করেন, সরকার রাজনৈতিক চাপের মুখে জনগণের সঙ্গে সংলাপের পথ বন্ধ করে দিয়েছে। অথচ সংকট নিরসনের জন্য আলোচনার সুযোগ এখনো উন্মুক্ত রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।