জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর জমজ ভাই এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া তরুণ নেতা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, “ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডি “মীর স্নিগ্ধ” থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মীর স্নিগ্ধ তার পোস্টে লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং সেই হাজারো নির্যাতিত পরিবারের—যাদের প্রিয়জন বিগত ১৬ বছরে হাসিনার জুলুমে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও লিখেছেন, “যতদিন পর্যন্ত এই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই নাম মাথায় ঘুরবে। এই নামের উচ্চারণ ঘৃণা থেকেই আসে।”
সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া মীর স্নিগ্ধ জানান, তার লক্ষ্য হলো জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের কণ্ঠস্বরকে জাতীয় রাজনীতির মূলধারায় তুলে আনা। তিনি বলেন, “আমি তরুণ প্রজন্ম এবং শহীদ পরিবারগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার সঙ্গে কাজ করার আগ্রহ আছে।”
মীর স্নিগ্ধ উল্লেখ করেন, তার ভাই মুগ্ধ বা পরিবারের কেউ রাজনীতিতে ছিলেন না। “আমি নিজের সিদ্ধান্তে রাজনীতিতে এসেছি, তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সে দায়িত্ব দিয়েছেন।”
তার এই ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে এটিকে “ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ঘৃণা ও প্রতিরোধের প্রতীক” হিসেবে দেখছেন।