জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা আটটি সমমনা দলের যৌথ সমাবেশ রাজধানীর পুরানা পল্টনে চলছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে দুপুর ৩টার দিকে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
আন্দোলনের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঞ্চে উপস্থিত রয়েছেন জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টিসহ আট দলের শীর্ষ নেতারা।
সমাবেশের জন্য পল্টন মোড়ের দক্ষিণ পাশে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা অন্য দিকের সড়কগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। ইতোমধ্যে মঞ্চের আশপাশে দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
দলগুলো যে পাঁচ দফা দাবি তুলেছে, সেগুলো হলো— জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অন্তর্বর্তী সরকার যে সাত দিনের সময় দিয়ে দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে সোমবার। এর পরদিনই এই সমাবেশে নতুন আন্দোলনচিত্র দেখা যাচ্ছে।