বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এ সিদ্ধান্ত শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং নারীদের কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষায় একটি বাস্তবসম্মত পরিকল্পনা।
সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, “আমরা বলেছি, নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করবেন। এতে কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে, সরকার সেই কোম্পানিকে অতিরিক্ত তিন ঘণ্টার জন্য ভর্তুকি প্রদান করবে।”
তিনি আরও বলেন, “যেসব নারী কর্মক্ষেত্রে না গিয়ে ঘরে সন্তান ও পরিবারের জন্য সময় দিবেন, তাদের রাষ্ট্র সম্মানিত করবে। কারণ পরিবারই সমাজের মূল ভিত্তি। যারা পরিবারকে শক্ত করে, তারা জাতিকে শক্ত করে।”
ডা. শফিকুর রহমান সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।”
তিনি যুবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “সোনালি সমাজ গড়ার স্বপ্ন আমরা সবাই দেখি, আর সেই স্বপ্ন পূরণে যুবকরাই হবে আমাদের সারথী।”
শিশুদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে জামায়াতের এই নেতা বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হবে সব শিশুর সমান অধিকার নিশ্চিত করা। কোনো শিশু কোন পরিবারে জন্ম নিলো, সে ভেদাভেদ করা হবে না।”
নির্বাচনে জয়ী হলে জনগণের সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। বলেন, “কোনো সমস্যার জন্য জনগণকে পয়সা খরচ করে আমার কাছে আসতে হবে না; বরং আমরা নিজেরাই যাবো তাদের কাছে। অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা হবে।”