একটি মানবিক উদ্যোগে আবারও আলোচনায় এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত “ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার” শিরোনামের একটি প্রতিবেদনে উঠে আসে এক অসহায় পরিবারের করুণ চিত্র।
সংবাদটি তারেক রহমানের নজরে আসার পরপরই তিনি সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে নির্দেশ দেন ওই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে ও প্রয়োজনীয় সহায়তা দিতে।
তার নির্দেশনা অনুযায়ী সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে অসুস্থ পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সেখানে তারা পরিবারের হাতে চিকিৎসা সহায়তা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে।
এ সময় আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, “তারেক রহমান সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখে-দুর্দশায় পাশে থাকতে চান। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেন এই পরিবারটির চিকিৎসা, ওষুধ এবং পুনর্বাসনের দায়িত্ব আমরা গ্রহণ করি।”
তিনি আরও জানান, “মানবিক সহায়তা শুধু একবারের নয়, পরিবারটির পাশে ভবিষ্যতেও ‘আমরা বিএনপি পরিবার’ থেকে নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে।”
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ, বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।