ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না। এ কারণেই দলটি ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো বিক্রি করেনি।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর নবাবপুরে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে। তবুও কেউ আন্দোলনের মাঠ থেকে পিছু হটেনি। কারণ বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাস করে, ক্ষমতার লালসায় নয়।”
তিনি আরও বলেন, “এই দল কখনো ক্ষমতার জন্য আপস করেনি। বিএনপি জনগণের দল, যারা দেশের জন্য লড়াই করেছে এবং করবে। আজকে দেশে গণতন্ত্রে উত্তরণের যে পথ তৈরি হয়েছে, তা সম্ভব হয়েছে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ ও ধৈর্যের কারণে।”
ইশরাক হোসেন প্রয়াত মেয়র খোকার স্মৃতিচারণ করে বলেন, “খোকা ভাই ছিলেন জনগণের নেতা। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তার দেখানো পথে আমাদেরও চলতে হবে। দেশের এই কঠিন সময়েও আমরা মাথা নিচু করব না।”
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, “আমরা একসঙ্গে লড়ব, একসঙ্গে জিতব। গণতন্ত্র ও ন্যায়ের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।