বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সোমবার (১৯ নভেম্বর) রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, খোলামেলা আলোচনা হবে। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক।”
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হতে পারে।
যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয় জানানো হয়নি, তবে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, “জরুরি রাজনৈতিক ইস্যু নিয়েই আজকের বৈঠক ডাকা হয়েছে।”
সূত্রের ভাষ্য, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে চলমান মতভেদ নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বিএনপি নেতারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দলের অবস্থান ও সরকার–বিরোধী কূটনৈতিক কার্যক্রমের প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর দলের অবস্থান স্পষ্ট করা হতে পারে।
দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য ছাড়াও নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।