গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গণহত্যা মামলার রায়ের দিনক্ষণ ১৩ নভেম্বর ঘোষণা করা হবে। এদিনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, দলটির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে গুজব, প্রচারণা ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যার উদ্দেশ্য বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচন বানচাল করা।
এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আওয়ামী লীগের যেকোনো সহিংস তৎপরতা প্রতিহত করতে তারা রাজপথে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে।
দলটির একাধিক শীর্ষ নেতা জানান, “ভারত থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট বাহিনীকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলার ছক কষছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ দল—তারা রাস্তায় নামলে এনসিপি নিশ্চুপ থাকবে না।”
তাঁরা আরও বলেন, “ফ্যাসিস্টরা যেন গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে না পারে, এজন্য এনসিপি সর্বদা প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী ছাত্র ও জনতাকে তাৎক্ষণিক রাজপথে নামার আহ্বান জানানো হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীও ইতোমধ্যে রাজধানীতে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পর নজরদারি বাড়িয়েছে। সামাজিকমাধ্যমে উসকানিমূলক পোস্টের কারণে আওয়ামী লীগের কয়েকজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হলেও তাদের গোপন তৎপরতা এখনো অব্যাহত, যা জনমনে শঙ্কা তৈরি করেছে।
একজন এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, “জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচার ঘিরে আওয়ামী লীগের অনলাইন তৎপরতা বেড়েছে। এটা সরকার ও প্রশাসনের জন্য সতর্কবার্তা। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এনসিপি প্রস্তুত আছে।”
এনসিপির শীর্ষ নেতৃত্বের একজন বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি-জামায়াত নেতারা প্রতিদিন কথা বলছেন, কিন্তু শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি নেই—এটি উদ্বেগজনক।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যা মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে, এবং রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। এ লক্ষ্যে দলের কট্টরপন্থী নেতাকর্মীদের বাছাই করে নাশকতা ও ডিজিটাল যোগাযোগ কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে গোপন ট্রেনিং সেশনও অনুষ্ঠিত হয়েছে।