বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভোট আর গণভোট একসঙ্গে হলে খরচ কমবে। তারা আগে গণভোট চায়, কারণ আগে ভোট হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে— তারা টিকতে পারবে না।”
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ পিআর (Proportional Representation) বোঝে না। আমি আবারও বলছি, জনগণ পিআর বা সেই নতুন পদ্ধতি জানে না। তারা আগের পদ্ধতিতে ভোট দিতে চায়— সরাসরি ব্যালটে, নিজের প্রতিনিধি বেছে নিয়ে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ। জনগণ আজ পরিবর্তন চায়, তারা দুর্নীতি, দুঃশাসন ও ভয়ভীতির রাজনীতি থেকে মুক্তি চায়।”
ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “মাওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে প্রতীক ধানের শীষ— সেটাই জনগণের মুক্তির প্রতীক। এ প্রতীকেই দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “গণভোট নিয়ে কিছু দল জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জানে, নির্বাচনে টিকতে পারবে না বলে নানা কৌশল নিচ্ছে। কিন্তু দেশের জনগণ এখন অনেক সচেতন— তারা জানে কারা দেশের পক্ষে, কারা বিপক্ষে।”
ফখরুল আরও দাবি করেন, “বিএনপি জনগণের ভোটের শক্তিতেই আগামী সরকার গঠন করবে। আমরা এমন একটি সরকার চাই, যেখানে কৃষক, শ্রমিক, তরুণ সবাই ন্যায্য অধিকার পাবে।”
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে উপস্থিত জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।