বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
রোববার (৯ নভেম্বর) দুপুরে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি এই যাত্রার সূচনা করেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সম্পৃক্ত করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে তরুণদের সামনে আনতে হবে। সেই লক্ষ্যেই আমি বিএনপিতে যোগ দিয়েছি। তরুণ প্রজন্মই হতে পারে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক সংস্কারের চালিকা শক্তি।”
তিনি আরও বলেন, “আমার ভাই মীর মুগ্ধের আদর্শ ও আত্মত্যাগ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি চাই, বাংলাদেশে ন্যায্যতা, জবাবদিহি ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা হোক।”
মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি আয়োজিত ছাত্র–জনতার সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মীর স্নিগ্ধ বলেন, “আমার রাজনৈতিক যাত্রা আজ শুরু হলো শহীদ ভাইয়ের ত্যাগের স্মৃতিবিজড়িত এই স্থান থেকে। আমি বিশ্বাস করি, ন্যায় ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।”
স্থানীয় নেতারা জানান, মীর স্নিগ্ধর এই সফর বগুড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা মনে করছেন, তরুণ নেতৃত্বের হাতে বিএনপির ভবিষ্যৎ আরও দৃঢ় ভিত্তি পাবে।