দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নেওয়া সরকারের দায়িত্ব। শিক্ষক সমাজের ওপর হামলার ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগরদের প্রতি সহনশীল ও সম্মানজনক আচরণই রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি বলেন, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি আরও জটিল করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, “অন্যদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও পুরো জাতির জন্য উদ্বেগজনক। বার্ষিক পরীক্ষা সামনে, এই সময়ে শিক্ষাব্যবস্থা অচল হয়ে গেলে কোমলমতি শিক্ষার্থীরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা ক্ষেত্রে এই ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের যৌক্তিক তিন দফা দাবি দ্রুত মেনে নেওয়ার উদ্যোগ নিতে হবে। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করাই হবে সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। শিক্ষক সমাজের দাবি মেনে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার মনে করেন, শিক্ষকরা শুধু চাকরিজীবী নন, তারা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূল কারিগর। তাই তাদের প্রতি সম্মান ও ন্যায্যতা প্রদর্শন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।