জুলাই যোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রোববার (৯ নভেম্বর) বগুড়া-২ আসনের শিবগঞ্জে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দেবেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মীর স্নিগ্ধ রোববার দুপুর আড়াইটায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত ছাত্র-জনতা সমাবেশে তিনি বক্তব্য দেবেন। স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে ওই সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) মীর স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। দলীয় সদস্য ফরম পূরণের মাধ্যমে বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি বলেছেন, দেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে বিএনপিই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আমি বিশ্বাস করি, এই দলের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের নিয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর সুযোগ পাব।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমার জীবন বদলে দিয়েছে। আমার ভাই মুগ্ধের রক্তের ঋণ আমি দেশের পরিবর্তনের মাধ্যমে শোধ করতে চাই।”
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, যদি দল মনে করে তিনি উপযুক্ত, তবে উত্তরা কেন্দ্রিক আসনে কাজ করার ইচ্ছা রয়েছে তার। তিনি আগামী নির্বাচনে শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশ আশা করেন, যেখানে দলীয় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।