হিন্দু সম্প্রদায়ের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্লোগান তোলেন—“হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।” শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ তিনি এই আহ্বান জানান।
মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজিত এ সম্মেলনে ফখরুল বলেন, “আমরা চাই একটি সত্যিকার অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক—যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমানভাবে সম্মান ও অধিকার পাবে।” তিনি স্মরণ করেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই কাজই আমরা এখন এগিয়ে নিতে চাই।”
সম্মেলনে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দাবি আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে তুলে ধরেছি। এগুলো বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যখন আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।”
এরপর মির্জা ফখরুল উপস্থিত জনতার সঙ্গে একসঙ্গে স্লোগান দেন—“হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।” সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরাও এই স্লোগান পুনরাবৃত্তি করে সমর্থন জানান।
মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইনের দাবি উত্থাপন করা হয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ হবে ঐক্য, বিশ্বাস ও নাগরিক অধিকারের ভিত্তিতে—যেখানে কোনো ধর্ম বা সম্প্রদায় বৈষম্যের শিকার হবে না।”