গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে—বাংলাদেশ কোন পথে এগোবে। তাই এখনই ছাত্র-জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে ভোট দেবেন। তিনি বলেন, “ভালো মানুষকে নির্বাচিত করলে দেশেরও ভালো হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “পেশিশক্তি, কালো টাকার মাফিয়া ও দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার যুগ শেষ। দেশের মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তন আনবে তরুণ প্রজন্ম।” তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে অংশ নেয়নি। রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করেই ভবিষ্যতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “৫ আগস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল, সেই গণঅভ্যুত্থানের পর ১৫ মাস পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি চলছে।”
নুর বিশ্বাস করেন, পরিবর্তন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিন—তাহলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”
সভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শেখ সাব্বির। সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজ। বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।