ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের গড়া ‘আম জনগণ পার্টি’ দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ করেছেন ‘আম জনতার দল’-এর সদস্য সচিব মো. তারেক রহমান। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে (ইসি) এই অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিজ দলের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, তিনি টানা ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন।
তারেক রহমান বলেন, “ডেসটিনির দলকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির কিছু কর্মকর্তা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করছি, এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার দল নিবন্ধন না পাওয়ায় আমি অভিযোগ করছি—তা নয়। ইসির কর্মকর্তারা মাঠ পর্যবেক্ষণের কথা বলে হোটেলে বৈঠক করেছেন, যা সন্দেহজনক। ওই বৈঠকে একজন কর্মকর্তা ভাগ কম পাওয়ায় সব তথ্য আমাদের জানিয়েছেন। এখন কমিশনের দায়িত্ব হলো বিষয়টি খতিয়ে দেখা।”
তারেক আরও বলেন, “রফিকুল আমীন জুলাই আন্দোলনে ছিলেন না, তখন তিনি জেলে ছিলেন। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। এখন মুক্তি পেয়ে নিজের সম্পদ বাঁচানোর জন্য রাজনৈতিক দল গঠন করেছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “যে ব্যক্তি দেশের কোটি মানুষের টাকা লুট করেছে, তাকে নিবন্ধন দেওয়া গণতন্ত্রের প্রতি আঘাত।”
গত ৪ নভেম্বর থেকে ইসির মূল ফটকের সামনে অনশন করছেন তারেক রহমান। তিনি বলেন, “আমার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। ইসির একজন যুগ্ম সচিব আমার বক্তব্য শুনে গেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।”