বিএনপিকে দুর্বল মনে করা মানে বোকার স্বর্গে বসবাস করা— এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। বিএনপি মাঠে নামলে ট্যাবলেট খাওয়ানোর লোকও খুঁজে পাওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “বিএনপির নম্রতা ও ভদ্রতাকে দুর্বলতা হিসেবে নেবেন না। এটা যদি কেউ ভাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি সব সময় আইনের পথে থেকেছে, সনদ মেনেছে, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনো সময় আছে— জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মের নাম ব্যবহার করে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “যারা ধর্মের ব্যবসা করছে, তারা আসলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু।”
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির ইতিহাস আন্দোলনের ইতিহাস, ত্যাগের ইতিহাস। দেশের মানুষ আবারও বিএনপির পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
বিপ্লব ও সংহতি দিবসের এই সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা, কেন্দ্রীয় ও মহানগর কমিটির সদস্যরা, এবং হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।