জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ কেমন দেশ দেখতে চায়, তার রিহার্সেল এখন চলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, “আমি এবং দেশবাসী এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যা তারুণ্যনির্ভর। অনেকে জানতে চান, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি বলি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত নেতৃত্ব যেমন, আগামীর বাংলাদেশও তেমন হবে।”
ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই দেশের নতুন নেতৃত্ব। তোমাদের হাতেই ক্যাম্পাসের পরিবর্তন ও জাতির ভবিষ্যৎ গঠনের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের অধিকার নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনকে জ্ঞানের ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে।”
তিনি আরও বলেন, “আজ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা পিছিয়ে আছি, কারণ গবেষণার পরিবেশ দুর্বল। তোমাদেরই সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছাত্র সংসদগুলোকে শতভাগ সফল হতে হবে, যাতে ক্যাম্পাসে যে ভাটা পড়েছিল, সেখানে আবার জোয়ার আসে।”
ডা. শফিকুর রহমান বিশ্বাস প্রকাশ করে বলেন, “তোমরা পর্বতের মতো শক্ত প্রতিপক্ষকে পরাজিত করতে পেরেছ, তাই দেশটাকেও গড়ে তুলতে পারবে। তোমরা ককপিটে বসে দেশ চালাবে, আমরা পেছন থেকে পরামর্শ দেব—আর যদি ভুল করো, তা সংশোধনের দায়িত্বও আমাদের।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতাদের পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় নেতা ও শিবিরের সাবেক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।