বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা-মদের আড্ডা নেই, আর ডালের ঘনত্ব বেড়েছে— যা প্রমাণ করে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়েছে। এটি প্রমাণ করে যে, ছাত্রশিবির কেবল একটি সংগঠন নয়—এটি এখন সারাদেশের ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করছে।”
তিনি আরও বলেন, “তরুণ ছাত্রছাত্রীরা এখন আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করছে। তারা নৈতিকতা, শৃঙ্খলা ও সুশিক্ষার রাজনীতি চায়। তাই আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচনে ৪ কোটি তরুণ ভোটারও সেই ধারাবাহিকতায় আদর্শবাদী দলগুলোকেই বিজয়ী করবে।”
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশে আবারও একটি মিরাকল ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের জয়ের যে প্রতিফলন দেখা গেছে, তা জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।”
ছাত্র সংসদ নেতাদের উদ্দেশে তাহের বলেন, “জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই সংগ্রামই ফ্যাসিবাদকে দেশে এবং সীমান্তের বাইরে পরাজিত করেছে। কিন্তু লড়াই এখানেই শেষ নয়—এবার দুর্নীতি ও অন্যায়ের শৃঙ্খল ভেঙে দিতে হবে।”
তিনি আহ্বান জানান, “ছাত্র সংসদের প্রতিনিধিরা দেশের নৈতিক পুনর্জাগরণে নেতৃত্ব দেবেন—এই দায়িত্ব এখন আপনাদের কাঁধে।”