জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে তরুণরা স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তারাই আগামীর বাংলাদেশ গড়বে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, ইসলামী ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বতসম শক্তিকে পরাজিত করেছে, তারাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। বাংলাদেশের নতুন যাত্রায় তারুণ্যের এই শক্তিই হবে পরিবর্তনের মূল চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের ইতিহাসে তরুণরাই সব বড় পরিবর্তনের নায়ক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই তরুণদের ত্যাগ ও সাহসই ছিল অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার নামে ব্যবসা আর চলবে না। যারা সংস্কার প্রস্তাবে বাধা দেবে, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের চেয়েও ভয়াবহ।”
সভায় উপস্থিত নেতারা মনে করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মেরই নেতৃত্ব অপরিহার্য। তারা বলেন, ন্যায়, ইনসাফ ও অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।