ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা আর চলবে না।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি বানিয়ে ব্যবসা করেছে। শাহবাগ আন্দোলনের মাধ্যমে তারা দেশে ফ্যাসিবাদের ভিত্তি গড়ে তোলে। কিন্তু নতুন বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা আর চলবে না। একইভাবে জুলাই চেতনার নামে যারা ব্যবসা করতে চাইবে, তারাও টিকবে না।
”তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে যারা নতুন বাংলাদেশ গড়তে চাইবে—শুধু সেই রাজনীতিই টিকে থাকবে। শহীদদের আত্মত্যাগে অর্জিত এই দেশকে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে রূপ দিতে হবে—এটাই এখন আমাদের মূল দায়িত্ব।”
ডাকসু ভিপি বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতি হবে ন্যায়, কল্যাণ ও দায়িত্বের রাজনীতি। এখানে মাসল পলিটিক্স, চাঁদাবাজি বা টেন্ডারবাজির কোনো স্থান নেই।”
তিনি অভিযোগ করে বলেন, “যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা এখন দিল্লির বয়ান দিচ্ছে। মুজিববাদী বয়ানের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেই পথ মেনে নেবে না।”
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে তারা এখনো খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের রায় দিতে পারেনি। দেড় বছর পার হলেও তারা ন্যায়ের পথে কোনো অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে।”