বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা চক্রান্ত চলছে। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোসহ দেশের বিভিন্ন খাতে আমূল পরিবর্তন এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেই পরিবর্তনেরই সূচনা হয়েছিল ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে।
শুক্রবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই দিনেই জনগণ নিজেদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল।”
তিনি আরও বলেন, “বর্তমানে গণতন্ত্রকে দুর্বল করতে এবং জনগণের মতামতকে অকার্যকর করতে বিভিন্ন চক্রান্ত চলছে। তাই আমাদের দায়িত্ব গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখা এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকা।”
বিএনপি মহাসচিব মনে করেন, নির্বাচনী ও সাংবিধানিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার মাধ্যমেই এই দিবসের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব। তিনি বলেন, “গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”