অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ পূরণের জন্য দেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অসৎ রাজনীতিবিদদের কারণে দেশের প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনী আজ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক প্রভুত্ব কায়েমের জন্য তারা পুলিশকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে এই বাহিনীর ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য কোনো দলকে বাদ দেওয়া নয়। আমরা ক্ষমতায় এলে সব দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ করব। রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণে, কোনো দলের ব্যক্তিগত স্বার্থে নয়।”
নির্বাচনে জয়ী হলে জামায়াতের সাংসদদের আচরণ কেমন হবে তা নিয়েও বক্তব্য দেন তিনি। বলেন, “আগামী নির্বাচনে জামায়াত থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা সরকারি কোনো প্লট বা বিনা ট্যাক্সে গাড়ি নেবেন না। জনগণের টাকায় বিলাসিতা নয়, জনগণের জন্য কাজ করাই হবে আমাদের রাজনীতি।”
দেশে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “দল, মত, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা আর চলবে না। একসঙ্গে কাজ করলেই আমরা প্রকৃত অর্থে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।”
জামায়াত আমির আরও বলেন, “নির্বাচনের আগে অনেক দল রাজনীতিকে ইবাদত মনে করে, কিন্তু নির্বাচিত হওয়ার পরই সেই ইবাদতের খাজনা আদায় শুরু করে দেয়। এটা ধর্ম, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি রূপকভাবে যোগ করেন, “দেশের রন্ধ্রে রন্ধ্রে ইঁদুর ঢুকে পড়েছে, যারা সমাজের রশি কেটে দিচ্ছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।