বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পুনর্গঠনের জন্য এখনই একটি গুরুত্বপূর্ণ সময়, যা বারবার আসে না। তাই এই সুযোগে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “কিছু রাজনৈতিক দল দাবি করছে, তারা ক্ষমতায় এলে জামায়াত ছাড়া রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমাদের অবস্থান ভিন্ন। আমরা জনগণের ভোটে দায়িত্ব পেলে বিএনপিকেও সরকার পরিচালনায় অংশীদার করব।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন দূর হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। আগামী নির্বাচন কেবল দেশের ভবিষ্যৎ নয়, ইসলামী আন্দোলনেরও বড় পরীক্ষা। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।”
জামায়াত আমির বলেন, “আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে চাই। এজন্য সবার ঐক্য ও ধৈর্য প্রয়োজন। জাতীয় স্বার্থে আসন সমঝোতায় জামায়াত ছাড় দিতেও প্রস্তুত।”
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনে বাধা আসতে পারে, তবে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, এবং সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাশুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, ও মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।