নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান গত মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে টানা কয়েকদিন ধরে তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তার অনশনস্থলে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংহতি প্রকাশ করেন। সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের পাশে বসে তার দাবি সমর্থন করছেন এবং তাকে সাহস যোগাচ্ছেন।
রিজভী বলেন, “তারেকের আমজনতা দল নিবন্ধিত হয়নি, অথচ অনেক গুরুত্বহীন দল সহজেই নিবন্ধন পেয়েছে—এটা সত্যিই অবাক করার মতো। তারেক দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন। তাহলে তার দলের নিবন্ধন দেওয়া হবে না কেন?”
তিনি আরও বলেন, “তারেক কোনো গোপন সংগঠন তৈরি করেননি, তিনি আইনসম্মতভাবে রাজনীতি করতে চান। তিনি স্বাধীনতার পক্ষে কাজ করেছেন, জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন যদি তার দলের নিবন্ধন না দেন, তাহলে কাদের নিবন্ধন দেবেন?”
রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জানিয়ে বলেন, “তারেকের এই দাবি ন্যায়সঙ্গত। তার অনশন কর্মসূচি গণতান্ত্রিক অধিকারেরই প্রতিফলন। আমরা বিএনপির পক্ষ থেকে তার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
দলীয় নেতারা মনে করছেন, আমজনতা দলের নিবন্ধন না দেওয়া রাজনৈতিক বৈষম্যেরই বহিঃপ্রকাশ। আর বিএনপির এই সংহতি সরকারের প্রতি বার্তা—গণতান্ত্রিক রাজনীতিকে বঞ্চিত করা যাবে না।