দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন দলের স্থগিত হওয়া নেতা বখতিয়ার আহমেদ কচি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তার দলীয় পদে পুনর্বহালের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। এখন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তিনি তার পদে বহাল থাকবেন এবং আগের মতো সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।”
এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি, কিছু অভিযোগের প্রেক্ষিতে বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করেছিল কেন্দ্রীয় কমিটি। তখনও রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল। তবে দীর্ঘ নয় মাস পর কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে তার বিরুদ্ধে আরোপিত শাস্তি প্রত্যাহার করা হলো।
দলীয় সূত্র জানায়, বখতিয়ার আহমেদ কচি গত কয়েক মাস ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ঐক্য পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছিলেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার করে।
দিনাজপুর বিএনপির নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে একাধিক নেতা বলেন, “কচি ভাই দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তার ফিরে আসায় জেলা বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হবে।”
দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে বিএনপি জেলা পর্যায়ে পুরনো ও পরীক্ষিত নেতৃত্বকে আবারও সক্রিয় করতে চাইছে। ফলে বখতিয়ার আহমেদ কচির পুনর্বহাল সিদ্ধান্তটি দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ের সমন্বয় জোরদারের অংশ।