নভেম্বরে গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR System) নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকেই দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টনে জড়ো হন। এতে পল্টন-মতিঝিল এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
বেলা সাড়ে ১০টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে পল্টন মোড়ে আসেন। তারা “নভেম্বরে গণভোট চাই”, “ফ্যাসিবাদ নিপাত যাক”, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করো”—এমন বিভিন্ন স্লোগান দেন।
একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করবেন এবং সেখানে পাঁচ দফা দাবিনামা স্মারকলিপি জমা দেবেন বলে ঘোষণা দেন।
এর আগে সোমবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জামায়াতসহ আট দলের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।