বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসায় তলব করে সিলেটের আলোচিত নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের উপস্থিতিতেই আরিফুল হক চৌধুরীকে সিলেট–৪ আসনে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
দলের উচ্চপর্যায়ের বৈঠক শেষ রাত ১০টা পর্যন্ত চলে। চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে প্রার্থী হতে সম্মতি দেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল বলেন, “চেয়ারপারসনের নির্দেশ আমি কখনোই অমান্য করিনি, করবও না। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হবে।”
এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় জরুরি তলবে ঢাকায় আসেন আরিফুল হক চৌধুরী। দীর্ঘ আলোচনা ও কয়েক দফা বৈঠকের পর বুধবার রাতে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকম্যান্ড। শুরুতে তিনি সিলেট–১ আসনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চেয়ারপারসনের নির্দেশে সিলেট–৪ থেকে নির্বাচনে লড়তে রাজি হন।
আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে সুপরিচিত নাম। তিনি দুইবার সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখেন। তার রাজনৈতিক জীবনে নানা উত্থান–পতন থাকলেও স্থানীয় রাজনীতিতে তিনি এখনো জনপ্রিয় ও প্রভাবশালী।
দলের সিদ্ধান্তে আস্থা রেখে আরিফুল বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। দলের প্রয়োজনে সব সময় তাঁর নির্দেশ মেনে চলেছি।” সিলেটের রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।