জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর মারা যান।
নাহিদ ইসলাম বলেন,
“বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া বাকি প্রায় সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। এছাড়া অন্যান্য আসনেও একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট গঠন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আহত জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা যারা আজও কষ্টে দিন কাটাচ্ছেন, যাদের শরীরে স্প্লিন্টার রয়ে গেছে, যারা স্থায়ীভাবে অঙ্গহানি বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন— তাদের সর্বাত্মক চিকিৎসা ও সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা প্রয়োজন। অনেকেই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা না থাকায় তাদের কষ্ট দিন দিন বাড়ছে। এই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের, এবং সেটি অবিলম্বে নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের এই ব্যস্ত সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার। আমরা চাই, তাদের প্রকৃত মূল্যায়ন হোক চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।