নেত্রকোনার কলমাকান্দায় এক বিশাল গণসমাবেশে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা ও খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য জুলুম, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি ঘোষণা দেন, “জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সনদ গণভোটের মাধ্যমে কার্যকর করেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “মানুষের বানানো তন্ত্র নয়, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসনব্যবস্থা। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ—জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, গত এক দশকে হাজারো মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মা সন্তানহারা হয়েছেন। সেই রক্ত ও ত্যাগের বিনিময়েই প্রতিষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী এই জুলাই সনদ কার্যকর না করে কোনো নির্বাচন হলে তা অবৈধ ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে।
মামুনুল হক ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “ওই সব রক্তের ত্যাগই হবে জুলুমমুক্ত, ইনসাফনির্ভর আগামীর বাংলাদেশের ভিত্তি।”
তিনি দেশের তরুণ ও আলেমসমাজকে আহ্বান জানান— ইসলাম ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে, গণভোটে সক্রিয় অংশ নিতে, এবং জুলাই সনদের মূল্যবোধকে রক্ষা করতে।
সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আল্লামা আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী, সাবেক এমপি গোলাম রাব্বানী, জেলা সভাপতি আল্লামা জিয়া উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, এবং সাধারণ সম্পাদক আসাদুর রহমান আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।