ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখন থেকেই যে ধারা শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে তারা ক্ষমতায় গেলে জনগণ বুঝে যাবে “কত ধানে কত চাল।”
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, অতীতে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা কেউই জনগণের কল্যাণে কাজ করেনি। তারা দেশকে উন্নয়নের পথে নয়, বরং দুর্নীতি ও লুটপাটের গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। “বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ টানা তিন বছর দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল,”—যোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা বিরোধী মত সহ্য করতে পারে না। তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বদলে নিজেদের স্বার্থে রাজনীতি করে। দেশের মানুষ আর সেই পুরনো রাজনীতির জালে পড়তে চায় না।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শৃঙ্খলা, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আহ্বান জানাই, যেন সত্যিকারের ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী-২ আসনের ইসলামী আন্দোলন প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, উপজেলা সভাপতি সোলায়মান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
ফয়জুল করীম শেষে বলেন, “দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার রাজনীতি বন্ধ করতে হবে। জনগণের জন্য কাজ করে এমন সরকারই প্রতিষ্ঠা করতে হবে।”