ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার ক্ষমতায় গিয়ে ব্যর্থ হয়েছে। তাই এবার জনগণকে আহ্বান জানাই— একবার হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থাকে সুযোগ দিন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে ১২টি জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবারই নতুন অপরাধপ্রবণ নেতৃত্ব জন্ম নিয়েছে। নির্বাচনই মুক্তির পথ নয়— বরং নীতি ও নেতৃত্বের পরিবর্তনই প্রকৃত মুক্তির পথ।”
ফয়জুল করীম আরও বলেন, “যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করেন, তাদের দায় ভোটারদেরও নিতে হবে। একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নেই।
যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দিন— নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য। আমরা ইসলামভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করব।”
তিনি বলেন, “যারা নৌকা চালায় তারা নৌকা চালাতে জানে না, যারা ধানের শীষ নেয় তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নেয় তারা লাঙ্গল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যা ধনী-দরিদ্র, নারী-পুরুষ, সব শ্রেণির মানুষ চালাতে পারে। এ প্রতীকই জনগণের প্রকৃত প্রতীক।”
নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় নেতা আরিফ বিন মেহের উদ্দিন, জেলা সেক্রেটারি মো. রাকিবুল হাসান, এবং শিক্ষক ফোরামের সভাপতি ওয়ালি খানসহ স্থানীয় নেতারা।