জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭)-কে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেল-এর মেয়ে। রুমাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা জুলাই গণঅভ্যুত্থানের সময় সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
জানা গেছে, গত জুলাই মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী অস্ত্র হাতে হামলায় অংশ নেয়, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে এ ঘটনায় স্বশস্ত্র হামলার মামলা দায়ের করা হয়, যেখানে জেসমিন আরা রুমাসহ কয়েকজন ছাত্রলীগ নেতার নাম উঠে আসে।
পুলিশ বলছে, মামলাটিতে আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া রুমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানা গেছে।