বিএনপির রাজনৈতিক অস্তিত্ব এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে। তারা এখন জনগণের নয়, বিদেশি ডিলের রাজনীতি করছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। অথচ বিএনপি বছরের পর বছর প্রতীকের ব্যবসা করে এসেছে। নিজেদের ক্ষতি করে হলেও তারা জনগণের ক্ষতি নিশ্চিত করতে চায়— এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।”
তিনি আরও বলেন, “লন্ডনে হওয়া রাজনৈতিক ডিলে যদি বিএনপি কখনও ক্ষমতায় ফেরেও, সেই ক্ষমতা বেশিদিন টিকবে না। কারণ তারা জনগণের নয়, ষড়যন্ত্রের রাজনীতি করে। এনসিপি বিশ্বাস করে, জনগণের ভোট ছাড়া কোনো শক্তিই এই দেশে টিকে থাকতে পারে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি বর্তমানে নেতৃত্ব সংকটে ভুগছে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব নষ্ট করছে। “একদিকে বিদেশে বসে সিদ্ধান্ত, অন্যদিকে মাঠে বিভক্ত নেতৃত্ব— এতে জনগণের আস্থা হারিয়েছে বিএনপি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন নতুন রাজনৈতিক শক্তি চায়— যারা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করবে। এনসিপি সেই নতুন ধারা গড়ে তুলছে। বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো পুরনো রাজনীতির জায়গা শেষ হয়ে এসেছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই বক্তব্য মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করার কৌশল। সম্প্রতি শাপলা কলি প্রতীকসহ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর দলটি সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।