বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি নিজের পারিবারিক ত্যাগ, রাজনৈতিক সংগ্রাম এবং দলের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের প্রতি ভালোবাসা ও আশ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটে দেওয়া স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞ। আজীবন যারা আমার সঙ্গে থেকেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এরপর তিনি নিজের পারিবারিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন। লেখেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদেরও অনেক গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা খুব ছোট ছিল। আমার স্ত্রীও তখন খুব তরুণী, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল— বুঝতে পারছিল, কী অনিশ্চিত জীবনে পা দিচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “আমার বড় মেয়ের একবার অপারেশন হচ্ছিল, আমি তখন সারা রাত গাড়িতে ছিলাম— ঢাকার পথে। যাতে অন্তত পাশে থাকতে পারি। আমি ছিলাম মসজিদে, যখন তার অপারেশন হচ্ছিল। সেই কষ্টের কথা আজও ভুলতে পারিনি।”
মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে তিনি লিখেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন— ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আমাদের লক্ষ্য একটাই— দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা।”
শেষে দোয়া চেয়ে তিনি বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং দেশের জন্য কাজ করব— ইনশাআল্লাহ।”