ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করলেও একটি আসনের মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও কামাল জামান মোল্লার নাম অন্তর্ভুক্ত ছিল। তবে অনিবার্য কারণে ওই আসন এবং মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপি সূত্র জানায়, দলীয় উচ্চপর্যায়ে যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলছে। কিছু আসনে প্রার্থী পরিবর্তন বা নতুন মনোনয়ন দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মাদারীপুর-১ আসনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে স্থানীয় পর্যায়ের মতামত ও কেন্দ্রীয় সিদ্ধান্তের সামঞ্জস্য না হওয়ায় মনোনয়নটি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলীয় প্রার্থীদের তালিকা প্রাথমিক পর্যায়ে প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী কৌশল মেনে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে।”
উল্লেখ্য, সোমবার বিএনপি ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ৬৩টি আসন এখনো ফাঁকা রাখা হয়েছে, যা শরিক দলগুলোর জন্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে দলীয় সূত্র।