আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন। দুই প্রার্থীর মধ্যকার এই লড়াইকে রাজনৈতিক মহলে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে।
তবে প্রতিদ্বন্দ্বিতা নয়, সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মনোভাবই প্রকাশ করেছেন জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
পোস্টে দেলোয়ার লেখেন, “বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন।”
তিনি আরও লেখেন, “এবার আমরা দুজনেই ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমাদের লক্ষ্য এক— ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। জনগণ যদি আমাকে বিজয়ী করে, আমি তাকে অভিভাবক হিসেবে পাশে রাখব, আর যদি উনি বিজয়ী হন, আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেলোয়ার হোসেনের এই বার্তা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সৌজন্যপূর্ণ ও ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে।