আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা অচিরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগেই বিভিন্ন অঞ্চলে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে জানিয়েছি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইনশাআল্লাহ নির্ধারিত সময়েই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।” তিনি আরও বলেন, “আমরা এককভাবে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। জাতীয় স্বার্থ বিবেচনায় সব দিক দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
দলের নেতৃত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমি ব্যক্তিগত কোনো অর্জনের জন্য আমির হইনি। সহকর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এটি একটি বড় আমানত। দেশ ও দ্বীনের কল্যাণে যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবাই দোয়া করবেন।”
তিনি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান। তার মতে, “প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।”
রাজনৈতিক সমঝোতা নিয়ে তিনি বলেন, “দলগুলোর মধ্যে মতের অমিল থাকতে পারে— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু মতানৈক্য যেন বিরোধে না গড়ায়। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়েই জাতীয় সমস্যার সমাধান সম্ভব।”
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।