দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চার নেতাকে বহিষ্কার করেছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। তারা সবাই বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে এই চার নেতা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি এবং সড়ক অবরোধসহ নানা ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এসব কর্মকাণ্ডে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিএনপি তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।
বিএনপি সূত্র জানায়, মনোনয়ন বণ্টনকে কেন্দ্র করে সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় নেতৃত্ব এমন কর্মকাণ্ডকে কঠোরভাবে দেখছে এবং ভবিষ্যতে দলের ঐক্য রক্ষায় শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।