১৫ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পবিত্র উমরা পালন শেষে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর করেন এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেন।
বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির বলেন, “আমাদের দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইনশা আল্লাহ খুব শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।”
এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো প্রয়োজন। অনেক প্রবাসী ভাই-বোন নিবন্ধন করতে পারেননি।”
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, তবে সেটি যেন মতবিরোধে পরিণত না হয়। আমরা চাই সব দল আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিক।”