মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মিজানুর রহমান সিনহা।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়ন পান ডা. মিজানুর রহমান সিনহা।
দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন বার্তার বন্যা বইছে।
স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. সিনহা। তাঁর নেতৃত্বে বিএনপি আসনটিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই নির্বাচনী প্রচারণার কৌশল চূড়ান্ত করে মাঠে নামবেন ডা. সিনহা ও তাঁর সমর্থকরা।
উল্লেখ্য, ডা. মিজানুর রহমান সিনহা এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি একাধিকবার মুন্সিগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।